Home সারাদেশ মৃত দাবি করা নবজাতক আজানে নড়ে উঠল

মৃত দাবি করা নবজাতক আজানে নড়ে উঠল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর:চাঁদপুরে এক নবজাতককে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, অজ্ঞাত এক ব্যক্তি মৃত দাবি করে শিশুটিকে পৌর কবরস্থানে দাফনের জন্য রেখে যায়। তবে দাফনের মুহূর্তে আজানের শব্দে শিশুটি নড়ে ওঠে। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও গভীর রাতে শিশুটি মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে এক অজ্ঞাত যুবক শিশুটিকে কার্টনে (বাক্সে) ঢুকিয়ে আনে। তিনি শিশুটিকে মৃত বলে দাবি করেন এবং দাফনের পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। দাফনের সময় যখন আজান দেওয়া হয়, শিশুটি হঠাৎ নড়েচড়ে উঠে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং এনআইসিইউতে ভর্তি করানো হয়।

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ছোটন মিয়াজী জানিয়েছেন, নবজাতকের ওজন ছিল মাত্র ৮০০ গ্রাম এবং শিশুটি জন্মের দিনেই মারা গেছে। অক্সিজেন লেভেল কম থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করেছিল। ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু জানান, হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর সকল দায়িত্ব গ্রহণ করেছেন।

স্থানীয়রা আশা করছেন, কবরস্থানের আশপাশের সিসি ক্যামেরা এবং কাছাকাছি হোটেলের ফুটেজের মাধ্যমে শিশুটিকে ফেলে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। তারা দ্রুত এই অমানবিক কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ টেস্টের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের অনুরোধ এবং পরামর্শ অনুযায়ী ময়নাতদন্ত করা হয়নি। রোববার রাতের দিকে নবজাতকের জানাজা সম্পন্ন করে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ফেসবুকে অসংখ্য মানুষ শিশুটির প্রতি শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ শিশুকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তার জীবন বাঁচানো সম্ভব হয়নি।