নারী স্বাস্থ্যের ব্যবধান ঘোচাতে পারলে বিশ্ব অর্থনীতিতে যোগ হবে ১ ট্রিলিয়ন ডলার: ডব্লিউইএফ
আন্তর্জাতিক ডেস্ক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) এক সাম্প্রতিক প্রতিবেদনে নারী স্বাস্থ্যের বৈষম্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, নারীরা দীর্ঘজীবী হলেও পুরুষদের তুলনায় তাদের জীবনের অন্তত ২৫ শতাংশ বেশি সময় অসুস্থতা বা শারীরিক অক্ষমতার মধ্য দিয়ে কাটান। এই স্বাস্থ্যের ব্যবধান কমিয়ে আনা সম্ভব হলে ২০৪০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর অতিরিক্ত ১ ট্রিলিয়ন ডলার যোগ হতে পারে।
ফোরামের ‘উইমেন হেলথ ইনডেক্স ২০২৬’ এবং ম্যাককিনসে হেলথ ইনস্টিটিউটের যৌথ গবেষণায় দেখা গেছে, নারীরা গড়ে পুরুষদের চেয়ে বেশি বাঁচলেও তাদের ‘সুস্থ জীবনের’ মান অনেক কম। বর্তমানে বিশ্বব্যাপী ৩.৯ বিলিয়ন নারী নানা ধরনের স্বাস্থ্যগত বৈষম্যের শিকার, যা তাদের কর্মক্ষমতা ও জীবনযাত্রার মানকে ব্যাহত করছে।
অর্থনৈতিক প্রভাব: গবেষকরা বলছেন, প্রতি ১ ডলার নারী স্বাস্থ্যে বিনিয়োগ করলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৩ ডলার সমপরিমাণ অবদান রাখে। এই গ্যাপ পূরণ করা গেলে ২০৪০ সালের মধ্যে প্রায় ১৩ কোটি ৭০ লাখ নারী পূর্ণকালীন কর্মসংস্থানে যুক্ত হওয়ার সমতুল্য প্রভাব তৈরি হবে।
বিনিয়োগের অভাব: প্রতিবেদনে দেখা গেছে, ব্যক্তিগত স্বাস্থ্যখাত বিনিয়োগের মাত্র ৬ শতাংশ নারী স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হয়। এর মধ্যে বড় অংশই ব্যয় হয় কেবল প্রজনন ও মাতৃস্বাস্থ্যে। কিন্তু মেনোপজ, এন্ডোমেট্রিওসিস এবং হৃদরোগের মতো বিষয়গুলো এখনো চরমভাবে অবহেলিত।
উপাত্তের ঘাটতি: ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর মাত্র ৫ শতাংশ লিঙ্গভিত্তিক উপাত্ত সংগ্রহ করে। ফলে অনেক সময় নারীদের শরীরের গঠন অনুযায়ী সঠিক ওষুধ বা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা সম্ভব হয় না।
ডব্লিউইএফ পরামর্শ দিয়েছে যে, এই বৈষম্য দূর করতে নারী-কেন্দ্রিক গবেষণা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করা এবং বিনিয়োগের নতুন মডেল তৈরি করা জরুরি। আলঝেইমার, কার্ডিওভাসকুলার রোগ এবং হরমোনজনিত সমস্যার চিকিৎসায় গুরুত্ব দিলে বৈশ্বিক জিডিপি অন্তত ১.৭ শতাংশ বৃদ্ধি পাবে।
বিশেষজ্ঞদের মতে, এটি কেবল কোনো সামাজিক বা নৈতিক ইস্যু নয়, বরং বিশ্ব অর্থনীতির চাকা সচল করার একটি শক্তিশালী মাধ্যম। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সুফল বয়ে আনবে।
নারী স্বাস্থ্য ও বিশ্ব অর্থনীতির এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য ভিজিট করুন :www.businesstoday24.com