বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার আইনানুগ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি তীব্র নিন্দা প্রকাশ করছেন। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি মহাসচিব।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে ফখরুল বলেন, “আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। আজ যা ঘটেছে, তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা আর যেন না ঘটে, আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।”
তিনি আরও বলেন, বিএনপি ও মিত্র গণতন্ত্রপন্থি শক্তিগুলোকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী করতে হবে। দেশকে বেআইনি মবশাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।
মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, “যদি আমরা বাংলাদেশের অগ্রগতি চাই, তবে মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, কেবলমাত্র গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়ন করা সম্ভব। ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্যের পথে এগোতে পারবে।










