Home আন্তর্জাতিক পাকিস্তানে পৌঁছলো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের প্রথম চালান

পাকিস্তানে পৌঁছলো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের প্রথম চালান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি করেছে। দেশটির জ্বালানি খাতে এটি একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। প্রথম চালানটি সিনার্জিকো কোম্পানির অফশোর টার্মিনালে এসে পৌঁছেছে। আর তা পাকিস্তান-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তেলবাহী সুয়েজম্যাক্স জাহাজ এমটি পেগাসাস সিনার্জিকোর সিঙ্গেল পয়েন্ট মুরিং  বন্দরে নোঙর করে, যা বেলুচিস্তানের উপকূলে অবস্থিত।

গত আগস্টে জানা গিয়েছিল যে সিনার্জিকো চলতি মাসে ভিটল কোম্পানির কাছ থেকে ১০ লাখ ব্যারেল তেল আমদানি করবে।

সিনার্জিকো পিকে লিমিটেডের ভাইস চেয়ারম্যান উসামা কুরেশি বলেন, “পাকিস্তানের প্রথম যুক্তরাষ্ট্রীয় অপরিশোধিত তেলবাহী চালানটির আগমন দেশের জ্বালানি খাত ও সিনার্জিকোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

তিনি আরও জানান, “প্রথম চালানের পর দ্বিতীয় চালানটি নভেম্বরের মাঝামাঝি এবং তৃতীয়টি ২০২৬ সালের জানুয়ারিতে আসবে। এই তিনটি চালান একত্রে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য প্রায় ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত উন্নত করবে।”

কুরেশি বলেন,  “এই আমদানি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করবে এবং দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”

 গত সেপ্টেম্বর মাসে সিনার্জিকো যুক্তরাষ্ট্রের তেলের দ্বিতীয় চালানের অর্ডার দেয়, কারণ প্রথম চালানটি বাণিজ্যিকভাবে লাভজনক প্রমাণিত হয়।

এর আগে, ২০২৩ সালে সিনার্জিকো রাশিয়া থেকে প্রথম বেসরকারি খাতে অপরিশোধিত তেল আমদানি করে, মস্কোর দেওয়া ছাড়ের সুযোগ নিয়ে।