Home পরিবেশ ফেনীর সীমান্ত এলাকায় বাঘের দেখা, জনমনে আতঙ্ক

ফেনীর সীমান্ত এলাকায় বাঘের দেখা, জনমনে আতঙ্ক

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী:ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাঘকে ঘুরাফেরা করতে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে বাঘটি খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে এসেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত বাঘটি কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দীর্ঘ দেড় ঘণ্টা সময় ঘোরাঘুরি করেছে। দূর থেকে দেখা গেছে, বাঘটি সম্ভবত খাবারের খোঁজ করছিল। পরবর্তী সময়ে সূর্য ডুবে যাওয়ায় এটি আবার জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়দের আশঙ্কা, কাঁটাতারের এই পাশে আরও একাধিক বাঘ থাকতে পারে।

আবু আহমদ নামের একজন কৃষক জানান, তার বেশ কয়েকটি জমি রোপণ প্রস্তুত অবস্থায় রয়েছে। বাঘের কারণে তিনি এবং অন্যান্য কৃষক এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় পাচ্ছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাঘটি লোকালয়ে ঘুরে বেড়িয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। স্থানীয়রা সতর্কভাবে সীমান্ত এলাকায় জমি চাষাবাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।