চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বায়েজিদ আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে আগামীকাল ১৭ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পিং—২০২৬’। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ক্যাম্পিং চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
চট্টগ্রামের ২৬টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন ক্যাডেট এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করবেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান, পিপিএমএস, পিএসসি। পুরো ক্যাম্পিং কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকছেন ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মো. রাফিকুল হাসান রাফি। এই সাত দিন বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনসিসি অফিসার, পিইউও, টিইউও এবং সামরিক ও অসামরিক কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
-সংবাদ বিজ্ঞপ্তি










