বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে। বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তা থমকে যাবে, মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়বে।
সোমবার দুপুরে সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়।
বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানসহ গত সতেরো বছরে গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন। তিনি বলেন, দেশের এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি বলেন, দেশের উন্নতি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার পেছনে জনগণের সমর্থন থাকবে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোন সরকার হতে পারে না। সুশাসন ফিরিয়ে আনার জন্য এখনই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা জরুরি।
আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। সেই অবস্থা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। সেই লক্ষ্যেই বিএনপি নতুনভাবে সংগ্রাম শুরু করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে হবে।
ফখরুল বলেন, আমাদের বিরুদ্ধে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, এমন সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যেন বলতে না পারে বিএনপি চাঁদাবাজি করে, জমি দখল করে। দলীয় শৃঙ্খলা রক্ষা করে জনগণকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড জাহিদ হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও তাহসীনা রুশদী লুনা।










