বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ‘লাঠিখেলা’। এবার সেই লাঠিয়ালদের জীবনের টানাপোড়েন ও সংগ্রামের গল্প নিয়ে রুপালি পর্দায় আসছেন সময়ের জনপ্রিয় জুটি জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। আগামী ৮ই মে দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশের মাধ্যমে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
রাখাল সবুজের পরিচালনায় এই সিনেমায় রোশানকে দেখা যাবে একজন দক্ষ লাঠিয়াল হিসেবে। ট্রেইলারে উঠে এসেছে তার অভাবী সংসারের চিত্র, যেখানে জীবিকার তাগিদে আসগরের মতো প্রভাবশালী ব্যক্তির কাছে ঘরের আসবাব পর্যন্ত বন্ধক রাখতে হয় তাকে।
এই অভাবের সুযোগ নিয়ে রোশানের স্ত্রী তরুলতার (বুবলী) ওপর কুনজর পড়ে আসগরের। একপর্যায়ে সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় তরুলতা, কিন্তু দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে যাওয়ার এক মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে।
সিনেমাটি প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, “একজন সাধারণ ছেলের জীবনের গতি পরিবর্তনের বিভিন্ন ধাপ নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আমি সেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, দর্শকদের এই ভিন্নধর্মী গল্পটি ভালো লাগবে।”
সিনেমাটিতে রোশান ও বুবলী ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন ও উইলিয়ামসহ আরও অনেকে। লোকজ ঐতিহ্য আর পারিবারিক ড্রামার সংমিশ্রণে তৈরি ‘সর্দারবাড়ির খেলা’ ঢাকাই সিনেমার দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।