বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন । কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে আজ সোমবার (২৬ জানুয়ারি) এই বিশেষ পরিপত্র জারি করা হয় ।
বাধার মুখে পড়লে কঠোর আইনি ব্যবস্থা
পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪ (ক) অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো গণমাধ্যমকর্মীকে যদি কেউ সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন, শারীরিক ক্ষতি করেন কিংবা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জাম (ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি) ভাঙচুর করেন, তবে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং যথাযথ দণ্ডে দণ্ডিত হবেন ।
সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকগণ সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন । তবে ভোটকেন্দ্রের অভ্যন্তরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার জায়গার সংকুলান এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখার বিষয়টি বিবেচনা করে সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন ।
আধুনিক ডিজিটাল কার্ড ও নিরাপত্তা
এবারের নির্বাচনে সাংবাদিকগণ অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে (https://pr.ecs.gov.bd/) পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য আবেদন করতে পারবেন । আবেদন অনুমোদিত হলে QR Code সম্বলিত পরিচয়পত্র ও স্টিকার ডাউনলোড করে মুদ্রণ করা যাবে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই QR Code স্ক্যান করে পরিচয়পত্রের যথার্থতা যাচাই করতে পারবেন ।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব
পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের সংবাদ সংগ্রহ এবং নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা করবেন ।