আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৫০,৪৬০০ হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এই সংখ্যা এবারের হজের জন্য ইস্যু করা মোট ভিসার প্রায় ৩৬ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, ৪,৯৩, ১০০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন আকাশপথে, ১০, ১০০ জন এসেছেন সড়কপথে এবং ১, ৪০০ জন হজযাত্রী প্রবেশ করেছেন সমুদ্রপথে।
চলতি হজ মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হয় ১ জিলকদ থেকে এবং এইদিন থেকেই হজযাত্রীরা মক্কা ও মদিনায় আসা শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বার্তায় মন্ত্রণালয় পবিত্র অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, “রহমানের অতিথিরা, আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আপনাদের হজযাত্রা হোক শান্তিময় ও আনন্দদায়ক।”
সৌদি হজ মন্ত্রণালয় আরও জানায়, দেশের বিভিন্ন স্থল, বিমান ও সমুদ্রবন্দর দিয়ে হজযাত্রীদের প্রবেশ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি প্রবেশপথেই সমন্বিত সেবা ব্যবস্থার মাধ্যমে হজযাত্রীদের অভ্যর্থনা জানানো হচ্ছে যাতে তারা সহজে ও নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।
হজযাত্রীদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র ছাড়া কেউ যেন হজে অংশ নেওয়ার চেষ্টা না করেন। এই পারমিট থাকলেই কেবল তারা পূর্ণ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন এবং হজের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
চলতি বছরের হজে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যাতায়াত ও আবাসনের দিক থেকে সৌদি সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। মক্কা, মদিনা এবং মিনাসহ বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে হাজার হাজার স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ ক্লিনিক, নিরাপত্তা চৌকি এবং তথ্যকেন্দ্র।
উল্লেখ্য, আগামী জুনের মাঝামাঝি দিনগুলোতে মূল হজ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর আগে ধাপে ধাপে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের আগমন অব্যাহত থাকবে। মক্কার পবিত্র নগরী ইতোমধ্যে আলোকোজ্জ্বল ও হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।










