Home Third Lead আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের পর্দাফাঁস, চিকিৎসক গ্রেপ্তার

আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের পর্দাফাঁস, চিকিৎসক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে একটি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো (ডব্লিউসিসিবি)। আজ ৮ জুন সোমবার শহরের জয়নগর এলাকার একটি বহুতল ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালিয়ে নামকরা বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে পাচার করে আনা বল পাইথন, বিরল প্রজাতির টিকটিকি এবং কচ্ছপসহ বিপুল পরিমাণ বিদেশি বন্যপ্রাণী।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে জয়নগরের ওই বহুতল আবাসনটিতে হানা দেন ডব্লিউসিসিবি এবং স্থানীয় বন দপ্তরের কর্মকর্তারা। তল্লাশি চলাকালীন উদ্ধার হওয়া বেশ কিছু ট্রাভেল লাগেজে বিমানবন্দরের ট্যাগ লাগানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের ধারণা, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় এই প্রাণীগুলোকে ভারতের বাজারে নিয়ে আসা হয়েছিল। ব্যাগেজ ট্যাগগুলো খতিয়ে দেখে কোন রুট দিয়ে এবং কীভাবে এই চোরাচালান চালানো হচ্ছিল, তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।
তদন্তে নেমে এই চক্রের এক চাঞ্চল্যকর কার্যপদ্ধতির হদিস পেয়েছেন গোয়েন্দারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে “Zoo2You” নামে একটি হ্যান্ডেল পরিচালনা করত। বাইরে তারা প্রচার করত যে, বিভিন্ন নামী স্কুলের শিশুদের জন্য তারা শিক্ষামূলক বন্যপ্রাণী প্রদর্শনীর আয়োজন করে। কিন্তু এই প্রদর্শনীর আড়ালেই মূলত চলত কোটি কোটি টাকার অবৈধ বিদেশি পোষা প্রাণীর (এক্সোটিক পেট) ব্যবসা। বিত্তশালী গ্রাহকদের কাছে চড়া দামে এই বিরল প্রাণীগুলো বিক্রি করাই ছিল তাদের আসল উদ্দেশ্য। একজন প্রথম সারির চিকিৎসকের এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কোনো আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কিনা, তা জানতে তদন্ত জারি রয়েছে।
 businesstoday24.com ফলো করুন।