Home সারাদেশ ভয়ঙ্কর হিটলু বাবু গ্যাংয়ের অবসান ঘটাল সেনা অভিযান

ভয়ঙ্কর হিটলু বাবু গ্যাংয়ের অবসান ঘটাল সেনা অভিযান

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর ভাসানটেকে সন্ত্রাসী গোষ্ঠী ‘হিটলু বাবু গ্যাং’-এর বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে গ্যাংয়ের প্রধানসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সেনা সদস্যরা। পরে সংঘবদ্ধভাবে ‘হিটলু বাবু গ্যাং’-এর সদস্যদের আটক করা হয়। অভিযানে ১১ সিগন্যাল ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের টহল দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হিটলু বাবু গ্যাং’ দীর্ঘদিন ধরে ভাসানটেক, মাটিকাটা ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিল। স্থানীয়দের অভিযোগে উঠে আসে, রাতের আঁধারে তারা জমি দখল, দোকানে চাঁদা দাবি, এমনকি হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করত নিরীহ মানুষজনকে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ধরে নজরদারির পর সোমবারের অভিযান গ্যাংটির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ হিসেবে কাজ করেছে। এতে করে ওই এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সাহসী অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, ‘হিটলু বাবু গ্যাং’ ছিল একটি আতঙ্কের নাম। প্রতিদিনকার চলাফেরায় বাধা ছিল, মাদক ব্যবসা ও সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তারা। অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গ্যাংয়ের নেতা হিটলু বাবু একসময় রাজনীতির ছায়ায় থাকলেও পরবর্তীতে স্থানীয় দুষ্কৃতকারী ও মাদক চক্রের সঙ্গে গভীর সম্পৃক্ততা গড়ে তোলে। তাকে ঘিরেই গড়ে ওঠে একাধিক ‘অস্ত্রধারী’ যুবকের দল, যারা এলাকায় ত্রাস সৃষ্টির কাজে ব্যবহৃত হতো।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল এবং নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে।