Home আন্তর্জাতিক ভারত মহাসাগরে ইরানের রণতরী বিপাকে: উদ্ধার ২০৪ আরোহী

ভারত মহাসাগরে ইরানের রণতরী বিপাকে: উদ্ধার ২০৪ আরোহী

ইরানের দ্বিতীয় যুদ্ধজাহাজ আইআরআইএনএস বুশেহ্‌র আটকে ভারত মহাসাগরে। ছবি: এক্স।
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত মহাসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে আটকা পড়েছে ইরানের দ্বিতীয় রণতরী ‘আইআরআইএনএস বুশেহ্‌র’। শ্রীলঙ্কার নৌবাহিনী জাহাজটির ২০৪ জন আরোহীকে উদ্ধার করে নিরাপদে কলম্বোতে নিয়ে এসেছে। তবে জাহাজটি এখনও সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে।
শ্রীলঙ্কার নৌসেনার তথ্য অনুযায়ী, রণতরীটিতে মোট ২০৮ জন আরোহী ছিলেন। উদ্ধারকৃত ২০৪ জনকে দেশটির ওয়েলিসারা নৌঘাঁটিতে নিয়ে শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী সময়ে তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি বর্তমানে কলম্বো থেকে দূরে অবস্থান করছে। নিকটবর্তী ত্রিঙ্কোমালি বন্দরে এটিকে নোঙর করাতে আরও অন্তত দুই দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে জানিয়েছেন, মানবিক কারণে জাহাজটিকে তাদের জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং জীবন বাঁচানোই তাঁদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, এর আগে ভারত থেকে ফেরার পথে ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ইরানের আরেকটি যুদ্ধজাহাজ ‘আইরিশ ডেনা’ ডুবে যায়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৮৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
সেই হামলার পর থেকে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং দ্বিতীয় রণতরীটির আরোহীদের মধ্যে নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে।
businesstoday24.com ফলো করুন।