বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘রিং দা বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ (Ring the Bell for Gender Equality) অনুষ্ঠান উদযাপন করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। গত ৮ মার্চ সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ বছরের বিশ্বব্যাপী প্রতিপাদ্য “নারী এবং মেয়েদের জন্য রিং দ্যা বেলঃ অধিকার, ন্যায় বিচার এবং পদক্ষেপ গ্রহণ”-কে সামনে রেখে সিএসই এই অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য যে, সারা বিশ্বের স্টক এক্সচেঞ্জগুলো জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (UN Women, IFC, WFE) সাথে যৌথভাবে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই প্রতীকী ঘণ্টা বাজানোর কর্মসূচি পালন করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। স্বাগত বক্তব্যে তিনি বলেন: “সিএসইতে আমরা প্রতি বছর নারী দিবসের মাধ্যমে নতুন লক্ষ্য নির্ধারণ করি। আমাদের লক্ষ্য কেবল নারী কর্মীদের জন্য নয়, বরং সবার জন্য একটি সহিষ্ণু, সুষম এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা। জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে নারীদের সমান সুযোগ দিলে সামগ্রিক জাতীয় উন্নতি ত্বরান্বিত হবে।”
সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান, সিএফএ তাঁর বক্তব্যে গুরুত্বারোপ করেন যে, কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করার প্রথম ধাপ শুরু হতে হবে পরিবার ও সামাজিক জীবন থেকে। এছাড়া প্রতিষ্ঠানের আইটি বিভাগ, মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধানগণও নারী সহকর্মীদের দক্ষতা ও আগামীর চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত নারী সহকর্মীরা তাঁদের বক্তব্যে জানান, নারী দিবস কেবল একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিটি দিনই ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। তাঁরা কর্মক্ষেত্রে আস্থার পরিবেশ বৃদ্ধি এবং পরিবার থেকে নারীকে উপযুক্ত সম্মান দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সিএসইর নারী কর্মকর্তাদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। বিশেষ আকর্ষণ হিসেবে সিএসই পরিবারের পক্ষ থেকে একজন নারী নির্বাহীকে তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ “বর্ষসেরা নারী” হিসেবে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।