বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ফুসফুস ও ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় প্রাইভেট হাসপাতালসহ কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা না করার দাবিতে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ‘সিআরবি রক্ষা মঞ্চ’। রেল কর্তৃপক্ষ কর্তৃক এই সংরক্ষিত হেরিটেজ জোনের ৬ একর জমি একটি বেসরকারি গ্রুপের কাছে লিজ দেওয়ার চুক্তিকে কেন্দ্র করে নাগরিক ক্ষোভ ও প্রতিরোধ আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।
প্রকল্প বিবরণ ও সিআরবি গ্রাসের আশঙ্কা
‘সিআরবি রক্ষা মঞ্চ’ জানায়, রেল কর্তৃপক্ষ সিআরবি এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ এবং একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্য ইউনাইটেড গ্রুপকে ৬ একর জমি লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। পরিবেশবাদীদের অভিযোগ, এসবের পাশাপাশি হোস্টেল, ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের অজুহাতে মূলত হেরিটেজ ঘোষিত পুরো সিআরবি এলাকাকেই গ্রাস করার সুদূরপ্রসারী পরিকল্পনা করা হচ্ছে।
উদ্ভূত এই প্রেক্ষাপটে ‘সিআরবি রক্ষা মঞ্চ’ চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সরকারের কাছে সুনির্দিষ্ট ৪টি দাবি উত্থাপন করেছে। তাদের দাবিগুলো হলো:
১. হেরিটেজ আইন মেনে সিআরবিতে যেকোনো ধরনের নতুন স্থাপনা নিষিদ্ধ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। ২. রেলওয়ে এবং ইউনাইটেড গ্রুপের সাথে স্বাক্ষরিত চুক্তিটি সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তাদের জমাকৃত টাকা ফেরত দিতে হবে। ৩. সিআরবিতে বিদ্যমান রেলওয়ে হাসপাতালটিকে আধুনিকায়ন করে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। ৪. দেশের সংবিধান, হেরিটেজ আইন এবং বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ উপেক্ষা করে যেসকল কর্মকর্তা এই বিতর্কিত চুক্তির সাথে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতে হবে।
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সংগঠনটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান এবং সদস্য সচিব রিজোয়ানুর রহমান খান এক যৌথ বিবৃতিতে সিআরবি রক্ষায় চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে চট্টগ্রামের পরিবেশ ও জনস্বার্থের এই স্পর্শকাতর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে তারা সরকারের প্রতি জোর দাবি জানান।