Home কলকাতা চরম হেনস্থা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক

চরম হেনস্থা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক

ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়

 জামা ছিঁড়ল, ছুড়ল ডিম-জুতো, কাঠগড়ায় প্রশাসন

কৃষ্ণা বসু, কলকাতা: ভোট-পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন এবং চরম হেনস্থার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে তাঁকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষোভকারীদের একাংশ তাঁর ওপর শারীরিকভাবে চড়াও হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়া হয় এবং ধস্তাধস্তিতে তাঁর পরনের জামা ছিঁড়ে যায় ও চশমা ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার সোনারপুরে পৌঁছানোর আগেই এলাকার বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে বিক্ষোভকারীদের জমায়েত চোখে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসতেই শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে মূল রাস্তা ও চারচাকার গাড়ি ছেড়ে নিরাপত্তার স্বার্থে একটি মোটরবাইকে চড়ে গন্তব্যের দিকে রওনা দেন তৃণমূল নেতা। মাথায় গলিয়ে নেন হেলমেট।

কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তৃণমূল সূত্রের দাবি, বাইকে যাওয়ার সময়ও কিছু বিক্ষোভকারী একেবারে কাছ ঘেঁষে চড়াও হয়। শুরু হয় ধস্তাধস্তি, যার জেরে ছিঁড়ে যায় তাঁর জামা। এই চরম উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়া হতে থাকে। তবে এই নজিরবিহীন বাধার মুখেও সফর বাতিল করেননি অভিষেক। সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়েই তিনি নিহত কর্মীর বাড়ি পৌঁছান এবং শোকার্ত পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

নিহত সঞ্জু কর্মকারের বাড়ি পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘটনার জন্য বিরোধীদের পাশাপাশি রাজ্যের বর্তমান সরকার ও পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন তিনি। প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন: “পূর্বনির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি। পরিকল্পিতভাবেই আমাকে এই চরম বিক্ষোভের মুখে ঠেলে দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, এত বড় ঘটনার পরও এলাকায় প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়নি। নিহত পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এই সামগ্রিক উদাসীনতা ও আক্রমণের বিরুদ্ধে তিনি আদালত এবং রাজ্যপালের দ্বারস্থ হবেন বলেও স্পষ্ট জানিয়েছেন।

businesstoday24.com-এর পাতায় এই ধরনের আরও আপডেট পেতে আমাদের ফলো করুন এবং মন্তব্য নিচে শেয়ার করুন।