কৃষ্ণা বসু, কলকাতা: কলকাতার পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সড়ক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করা হয়েছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের (কেএমসি) নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই রাস্তার নতুন নামকরণ করা হয়েছে ‘গোপাল মুখার্জী রোড’। শনিবার পুরসভার পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, এবং আজ রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে এই রাস্তার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক ও দাবি চলছিল, পুরসভার এই সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান ঘটল।
রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের আবহেই পুরসভা এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। ঘটনাচক্রে, সেই সময়ে রাজ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে পুরসভার সেই বিজ্ঞপ্তিটি শেয়ার করে এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র লগ্নে নেওয়া এই পদক্ষেপটি অতীতের একটি ঐতিহাসিক ভুল সংশোধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় আরও জানান, এতদিন শহরের একটি প্রধান সড়কের নাম এমন একজনের নামে ছিল, যিনি রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিরাপরাধ নাগরিকদের গণহত্যার রূপরেখা তৈরি করেছিলেন। অন্যদিকে, সেই ভয়াবহ সময়ে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষায় যিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই নির্ভীক ব্যক্তিত্ব স্বর্গীয় গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) নামে এই সড়কের নামকরণ করা হয়েছে। এর মাধ্যমে একজন প্রকৃত ত্রাণকর্তাকে সঠিক সম্মান জানানো সম্ভব হলো এবং একটি ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ যাতে নিজের প্রকৃত বীরদের স্মরণ করে এবং ভুল সংশোধন করে তাঁদের যথাযথ মর্যাদা দেয়, এখন তারই উপযুক্ত সময় বলে তিনি মন্তব্য করেন।
নিয়মিত এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এবং আপনার মূল্যবান মতামত জানাতে businesstoday24.com ফলো করুন এবং নিচের মন্তব্য ঘরে আপনার মন্তব্য লিখুন।










