আন্তর্জাতিক ডেস্ক
২০২৬ সালের জানুয়ারিতে পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর থেকে নিজের পায়ের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি পডকাস্টের অংশে সেই দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দ্য মাইনস-এ নিজের বাড়িতে ব্যায়াম করার সময় হঠাৎ পায়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। এতে তার হিপ জয়েন্টের হাড়ে ফাটল ধরে এবং তিনি মাথায়ও আঘাত পান।
সাবেক এই প্রধানমন্ত্রী জানান, সেই সময় প্রচণ্ড ব্যথার কারণে চিকিৎসকদের পক্ষেও তা উপশম করা কঠিন হয়ে পড়েছিল। বেশ কয়েক দিন পর সেই ব্যথা কমতে শুরু করে। তিন মাস পেরিয়ে যাওয়ার পর বর্তমানে তিনি সেরে উঠলেও তার পায়ের অনুভূতি আগের মতো নেই। তার ভাষ্যমতে, তিনি এখন দাঁড়াতে পারলেও পা দুটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না; মনে হচ্ছে যেন তার কোনো পা-ই নেই।
গত ৬ জানুয়ারি পড়ে যাওয়ার পর ড. মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বয়সের কথা বিবেচনা করে অস্ত্রোপচার করা সম্ভব নয়, তাই তাকে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। উল্লেখ্য, ২০২৫ সালের ১০ জুলাই ড. মাহাথির ১০০ বছরে পদার্পণ করেছেন।
পরবর্তী খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।










