Home First Lead আসন্ন সংসদ অধিবেশনেই পাশ হবে তামাক নিয়ন্ত্রণ আইন: তথ্যমন্ত্রী

আসন্ন সংসদ অধিবেশনেই পাশ হবে তামাক নিয়ন্ত্রণ আইন: তথ্যমন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশে তামাকের ভয়াবহ ক্ষয়ক্ষতি রোধে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আসন্ন সংসদ অধিবেশনেই আইন হিসেবে পাশ করা হবে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার রুমে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই বৈঠকে তামাকের স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তামাকের কারণে প্রতিদিন গড়ে ৫৪৮ জন প্রাণ হারাচ্ছেন এবং বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, আসন্ন সংসদ অধিবেশনে এই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ না হলে তামাকজনিত মৃত্যু ও পঙ্গুত্ব আরও বাড়বে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন:”নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে। পরবর্তীতে এই আইনের কার্যকর বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা প্রদান করবে।”

দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার শক্তিশালী আইনের ওপর গুরুত্বারোপ করে এটি দ্রুত পাশের দাবি জানান। চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করেন এবং অনলাইন সংবাদমাধ্যম ‘চরচা’-এর সম্পাদক সোহরাব হাসান অধ্যাদেশটি হুবহু আইন হিসেবে পাশের পরামর্শ দেন।

 প্রস্তাবিত এই আইনে জনস্বাস্থ্য রক্ষায় বেশ কিছু বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ই-সিগারেট নিষিদ্ধ: তরুণদের সুরক্ষায় ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোব্যাকো পণ্যের উৎপাদন ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।

শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ: পাবলিক প্লেস ও পরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ (DSA) রাখার বিধান বাতিল।

বিক্রয় সীমাবদ্ধতা: শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ।

বিজ্ঞাপন ও প্রদর্শন বন্ধ: বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন এবং যেকোনো ধরনের প্রচার ও পৃষ্ঠপোষকতায় পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে অসংক্রামক রোগে, যার অন্যতম মূল কারণ তামাক। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক ক্যান্সারে আক্রান্ত ভুক্তভোগীদের আর্তনাদ তুলে ধরে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ এবং মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার হাসান শাহরিয়ার। এতে আরও বক্তব্য রাখেন আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।