Home সারাদেশ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ড: খুনিদের সন্ধানে ৫ বাহিনী মাঠে

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ড: খুনিদের সন্ধানে ৫ বাহিনী মাঠে

বুলেট বৈরাগী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচটি বিশেষায়িত ইউনিট। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তে পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে। একজন সরকারি কর্মকর্তার এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো জেলাজুড়ে এখন উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে নিহত বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে মরদেহ কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় কাস্টমস কার্যালয়ে নিয়ে আসা হলে সহকর্মী ও স্বজনদের আহাজারিতে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে কাস্টমস বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল থেকে চট্টগ্রামে বিভাগীয় প্রশিক্ষণে ছিলেন। শুক্রবার প্রশিক্ষণ শেষে রাতে তিনি বাসে করে কুমিল্লার বাসার উদ্দেশ্যে রওনা হন।
রাত ২টা ২৫ মিনিটেও তিনি মায়ের সঙ্গে কথা বলে জানান যে তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপরই তাঁর ফোনটি অজ্ঞাত ব্যক্তিদের কবলে চলে যায় এবং পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
কাস্টমস কমিশনার আবদুল মান্নান সরদার শোক প্রকাশ করে বলেন, আমাদের একজন মেধাবী সহকর্মীর এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা শুরু থেকেই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বিভাগ সবসময় তাঁর পরিবারের পাশে থাকবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সন্তান বুলেট বৈরাগী মাত্র দেড় বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। তাঁর এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে, দ্রুতই এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং জড়িতদের সামনে আনা সম্ভব হবে।
ভিজিট করুন: www.businesstoday24.com