Home আন্তর্জাতিক ইসরায়েলের প্রত্যাশা ভেঙে গেল ইরানে

ইসরায়েলের প্রত্যাশা ভেঙে গেল ইরানে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যুদ্ধ শুরুর আগে ধারণা করেছিল যে ইরানের অভ্যন্তরে বিদ্রোহ দেখা দিলে দেশটির ধর্মতান্ত্রিক সরকার ভেঙে পড়তে পারে। এই সম্ভাবনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়ে ইসরায়েল যুদ্ধ শুরুতে উৎসাহিত করেছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরও প্রত্যাশিত বিদ্রোহ না ঘটায় সংঘাত এখন অচলাবস্থায় আটকে আছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোসাদ প্রধান ডেভিড বার্নেয়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে যুদ্ধ শুরু হলে কয়েক দিনের মধ্যে ইরানে সরকারবিরোধী শক্তি সক্রিয় হয়ে দাঙ্গা ও বিদ্রোহ ঘটাতে পারে।
এই মূল্যায়ন তিনি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও জানিয়েছিলেন। নেতানিয়াহু পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার অনুমোদন দিতে অনুরোধ করেন।
তবে মার্কিন প্রশাসন ও ইসরায়েলি সেনা গোয়েন্দা সংস্থা (AMAN) বড় ধরনের বিদ্রোহের সম্ভাবনাকে কম বলে মনে করেছিল। ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা নেট সোয়ানসন বলেন, “ইরানের বিরোধী গোষ্ঠীগুলো সরকারকে অপছন্দ করে, কিন্তু তারা লড়াই করে মরতে চায় না।”
গত মাসের ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। হামলার দিন ট্রাম্প ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশে বলেন, “বোমা সর্বত্র পড়বে, কাজ শেষ হলে তোমরা সরকার নিয়ন্ত্রণে নাও।” কিন্তু এখনো কোনো বিদ্রোহ দেখা যায়নি।
মোসাদ কুর্দি মিলিশিয়াদের বিদ্রোহে ভূমিকা রাখার সম্ভাবনাও বিবেচনা করেছিল। যদিও ট্রাম্প প্রথমে কুর্দিদের সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের সমর্থন দেন, পরে মত পরিবর্তন করেন। তুরস্কও যুক্তরাষ্ট্রকে কুর্দিদের সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছিল।
নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, “শুধু আকাশ থেকে বিপ্লব ঘটানো যায় না, স্থলভাগেও উপাদান থাকতে হবে।” অর্থাৎ স্থলযুদ্ধ ছাড়া বিদ্রোহ সম্ভব নয়। ইসরায়েলি কূটনীতিকরা মনে করেন, বিদ্রোহ ঘটাতে হলে ইরানিদেরই ভূমিকা নিতে হবে।