Home সিটি কর্পোরেশন চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ আধুনিকায়নে ডাচ সহায়তা

চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ আধুনিকায়নে ডাচ সহায়তা

চসিক-নেদারল্যান্ডস উচ্চপর্যায়ের বৈঠক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চসিক কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন। ‘ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ড্রেনেজ ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর অগ্রগতি পর্যালোচনা করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
এই বৈঠকে নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি দলের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সুইপস্মার্ট ও সিডিআর ইন্টারন্যাশনালের কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম শহরের ড্রেনেজ পরিষ্কারকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। চসিকের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধানরা আলোচনায় অংশ নেন।
বৈঠকে বিশেষজ্ঞরা এই প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল উপস্থাপন করেন। চসিকের পক্ষ থেকে এই গবেষণার ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং জানানো হয়েছে যে, বর্জ্য পৃথকীকরণ ও আধুনিক ড্রেনেজ পদ্ধতির প্রয়োগ চট্টগ্রামের নাগরিক সেবায় এক নতুন মাইলফলক যোগ করবে।
প্রকল্পের টেকসই বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নেদারল্যান্ডসের পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতের বিশ্বমানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের পরিবেশগত উন্নয়নে চসিক আগ্রহ প্রকাশ করেছে।
সফরের অংশ হিসেবে ডাচ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলটি হালিশহর ল্যান্ডফিল এবং চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নেদারল্যান্ডস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। এই প্রকল্পের সফল বাস্তবায়ন চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব রূপ দেবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত জানাতে এবং নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং মন্তব্য করুন।