Home আন্তর্জাতিক ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের গুঞ্জন: নিরাপত্তার চাদরে ঢাকা পড়ছে ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের গুঞ্জন: নিরাপত্তার চাদরে ঢাকা পড়ছে ইসলামাবাদ

বিশেষ প্রতিনিধি,  ইসলামাবাদ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় দফা সংলাপের কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হঠাৎ শুরু হওয়া ব্যাপক নিরাপত্তা তৎপরতা এবং বিদেশি প্রতিনিধিদলের আনাগোনা দেখে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি প্রতিনিধিদলের আগমন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এবং ‘এক্সটেন্ডড রেড জোন’ সব ধরনের ট্রাফিক চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শুধু রাস্তাঘাটই নয়, নিরাপত্তার স্বার্থে শহরের বিলাসীবহুল হোটেল, হোস্টেল এবং সরাইখানাগুলোও খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে যে, রাজধানীতে প্রায় ১১ হাজার পুলিশ ও ৯০০ ফেডারেল কনস্ট্যাবুলারি সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ৪০০ এলিট কমান্ডো এবং ১০০ জন স্নাইপার বিদেশি প্রতিনিধিদের যাতায়াতের পথে নিয়োজিত থাকবে।
ইতোমধ্যে বিভিন্ন দেশের অগ্রগামী প্রতিনিধিদলগুলো নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের মধ্যে ঐতিহাসিক এক সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যদিও সেই বৈঠকে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি, তবে আলোচনার পথ একেবারে বন্ধও হয়ে যায়নি। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালী এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ নিয়ে এখনো বড় ধরনের অচলাবস্থা বিরাজ করছে।
শনিবারও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়ে জানিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ খুলে দেওয়া হবে না।
ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই ইসলামাবাদের এই নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতিই এখন প্রশ্ন তুলছে— তবে কি খুব দ্রুতই পর্দার আড়ালে বড় কোনো কূটনৈতিক সমঝোতা হতে যাচ্ছে?
businesstoday24.com ফলো করুন