Home সারাদেশ শূণ্য ট্যাংকের হাহাকার: ক্ষোভের আগুনে চুরমার নিজেরই শখের মোটরসাইকেল

শূণ্য ট্যাংকের হাহাকার: ক্ষোভের আগুনে চুরমার নিজেরই শখের মোটরসাইকেল

মো:সোহেল রানা, ঠাকুরগাঁও : তপ্ত রোদে মাইলের পর মাইল ঘোরাঘুরি, পাম্পে পাম্পে দীর্ঘ প্রতীক্ষা, আর সবশেষে শূন্য হাতে ফেরা—এই যন্ত্রণার নাম যখন জ্বালানি সংকট। সেই সংকটের জাঁতাকলে পিষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক ব্যক্তি ঘটিয়েছেন এক বিরল ও বিমর্ষ কাণ্ড।
রোববার সকালে কাঁঠালডাঙ্গী বাজারে যখন সাধারণ মানুষের ব্যস্ততা শুরু হচ্ছিল, তখনই নিজের যাতায়াতের শেষ সম্বল মোটরসাইকেলটিকে কুড়ালের আঘাতে ক্ষতবিক্ষত করলেন জসীম উদ্দিন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালডাঙ্গী বাজারের চায়ের দোকানদার জসীম উদ্দিন গত কয়েকদিন ধরেই তেলের খোঁজে দিশেহারা ছিলেন। যাতায়াতের একমাত্র বাহনটি অচল হয়ে পড়ে ছিল জ্বালানির অভাবে। রোববার সকালেও যখন আশার আলো না দেখে শূন্য ট্যাংকের বিড়ম্বনা তাকে গ্রাস করে, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
নিজের দোকানের সামনেই প্রিয় যানটির ওপর নেমে আসে তার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কুড়ালের প্রতিটি ঘা যেন ছিল সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগের এক একটি শব্দহীন চিৎকার।
ঘটনার আকস্মিকতায় হতবাক উপস্থিত জনতা। জসীম উদ্দিনের মতে, যে যান প্রয়োজনীয় সময়ে অচল হয়ে থাকে, তা বয়ে বেড়ানো কেবলই নিরর্থক বোঝা। এই চরম হতাশা থেকেই তিনি আত্মহননের বদলে নিজের সম্পদের ওপর ক্ষোভ ঝেড়েছেন।
হরিপুরের এই ঘটনাটি কেবল একটি মোটরসাইকেল ভাঙচুরের গল্প নয়, বরং জ্বালানি সংকটে সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার এক জীবন্ত প্রতিচ্ছবি। পাম্পগুলোতে তেলের আকাল আর জনজীবনের এই স্থবিরতা এখন স্থানীয়দের মধ্যে গভীর অসন্তোষের জন্ম দিচ্ছে।
এ ধরনের আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানান।