বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আবারও উধাও হয়ে গেল প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঁচামালসহ কনটেইনার। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কাঁচামালবাহী ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার এভাবে হদিসহীন হয়ে পড়ায় বন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সামগ্রিক নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ।
আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট ‘এসআরএস সিন্ডিকেট’ সূত্রে জানা যায়, সাভারের গোল্ড স্টার গার্মেন্টসের নামে চীন থেকে আনা ৬৬৮ বেল ফেব্রিক্সের চালানটি বহন করছিল ‘এমআরএসইউ-৮৬৯২৮২৭’ নম্বরের কনটেইনারটি। গত ১৫ আগস্ট ‘এমভি এমসিসি ডানাং’ নামের জাহাজ থেকে এটি বন্দরের এনসিটি-২ বার্থে নামানো হয়।
পরবর্তী সময়ে আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট ‘এসআরএস সিন্ডিকেট’ কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে বন্দর ও কাস্টমসের যাবতীয় রাজস্ব এবং চার্জ পরিশোধ সম্পন্ন করে। কিন্তু ৩০ আগস্ট সিসিটি ইয়ার্ড থেকে বৈধভাবে কনটেইনারটি খালাস করতে গেলে বাধে বিপত্তি; বন্দর কর্তৃপক্ষ কনটেইনারটি শনাক্ত বা ডেলিভারি দিতে পুরোপুরি ব্যর্থ হয়।
চমকপ্রদ বিষয় হলো, কনটেইনার খুঁজে বের করার দায়িত্ব বন্দরের কর্মকর্তাদের হলেও তারা উল্টো সিঅ্যান্ডএফ এজেন্টকেই তা খোঁজার পরামর্শ দেয়। টানা চার দিন টার্মিনাল ম্যানেজারসহ দায়িত্বশীল কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কনটেইনারের কোনো সন্ধান না পেয়ে গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এসআরএস সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান।
এই চরম অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়ে কাঁচামাল কারখানায় না পৌঁছানোয় বিদেশি ক্রেতার সময়সীমা অনুযায়ী তৈরি পোশাক সরবরাহ ব্যাহত হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে প্রতিষ্ঠানটি। কড়া নজরদারি ও আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার যুগে বন্দরের সুরক্ষিত সীমানা থেকে ৪০ ফুটের একটি কনটেইনার নিখোঁজ হওয়ার ঘটনাকে অনেকে নিরাপত্তা ফাঁকফোকর কিংবা সংঘবদ্ধ অনিয়মের ইঙ্গিত হিসেবে দেখছেন।
বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।










