Home আন্তর্জাতিক হিমালয়ের চারধাম যাত্রার সূচনা: খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রীর দুয়ার

হিমালয়ের চারধাম যাত্রার সূচনা: খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রীর দুয়ার

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তরাখণ্ডে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দ্বার খোলার মধ্য দিয়ে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র চারধাম যাত্রা। অক্ষয় তৃতীয়ায় পুণ্য তিথিতে দুপুর ১২টা ১৫ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ‘জয় মা গঙ্গে’ ধ্বনির মধ্য দিয়ে গঙ্গোত্রী মন্দিরের ফটক উন্মোচন করা হয়।
হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে এই উৎসবমুখর মুহূর্তে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে মন্দিরে প্রথম প্রার্থনা নিবেদন করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী, ভৈরব ঘাঁটি থেকে দেবী গঙ্গার ‘উৎসব ডোলি’ (পালকি) অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। শুদ্ধিকরণ আচার এবং গঙ্গা সহস্রনাম পাঠের পর মন্দিরের গর্ভগৃহ জনসাধারণের উপাসনার জন্য খুলে দেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে সেনাবাহিনীর ব্যান্ড দল ও স্থানীয় বাদ্যযন্ত্রের সুরে দেবী গঙ্গার পালকি তাঁর শীতকালীন আবাস মুখবা থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
আগামী ২২ এপ্রিল কেদারনাথ ধাম এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দ্বার খোলার মাধ্যমে এই তীর্থযাত্রা পূর্ণতা পাবে। কর্তৃপক্ষ ধারণা করছে যে, এ বছর দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের সংখ্যা পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাবে। হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র চারধাম দর্শনের মাধ্যমে আশীর্বাদ নিতে সমবেত হবেন।
পরবর্তী আপডেট পেতে businesstoday24.com ফলো করুন