বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে বর্তমানে অসংক্রামক রোগের প্রকোপ চরম আকার ধারণ করেছে, যার মধ্যে শীর্ষস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ এর তথ্য অনুযায়ী, দেশের এক নম্বর রোগ এখন উচ্চ রক্তচাপ। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকগণ।
আগামী ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “কন্ট্রোর্লিং হাইপারটেনশন টুগেদার”। এই দিবসকে সামনে রেখে আজ বুধবার রাজধানীর বিএমএ ভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর যৌথ উদ্যোগে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৃত্যুর মিছিল ও উচ্চ রক্তচাপের পরিসংখ্যান
আলোচনা সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে অসংক্রামক রোগের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী:
- ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগে মারা গেছেন।
- এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য সরাসরি দায়ী উচ্চ রক্তচাপ।
- বিশ্বজুড়ে প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ এই রোগে প্রাণ হারান, যা সকল সংক্রামক রোগের মোট মৃত্যুর চেয়েও বেশি।
বাজেট ও ওষুধ সরবরাহে সংকট
বিশেষজ্ঞরা জানান, সরকার তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ প্রদানের সিদ্ধান্ত নিলেও টেকসই অর্থায়নের অভাবে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। অনেক কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ এনামুল হক বলেন, “কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, সেই বাজেটের সঠিক ও সময়োপযোগী বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।” কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম জানান, সরকার ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে এবং এটি সফল হলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হবে।










