Home First Lead ফেরদৌস ইয়ার্ডে মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস

ফেরদৌস ইয়ার্ডে মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতির কারণে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষার ফলাফলের বরাতে শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাকবলিত শিপইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন শিল্প সচিব আব্দুন নাসের খান। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিল্প সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের (বিএসবিআর) পক্ষ থেকে ৫ সদস্যের আরও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে শিল্প সচিব বলেন, দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল এবং কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার পাশাপাশি জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ইয়ার্ড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ভিজিট করুন www.businesstoday24.com