বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ী হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার দুপুরে দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের ওই বাসটি উদ্ধার করা হয়। তবে এখনো চালক ও হেলপারকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে বাসটির পরিচয় শনাক্ত হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করছিল। এর ফলে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “বাসটি জব্দ করা গেলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের চারজন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেম প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হন। তারা কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়া সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। বর্তমানে তারা ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।










