Home Third Lead হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা: নজরদারিতে আধুনিক প্রযুক্তি

হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা: নজরদারিতে আধুনিক প্রযুক্তি

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকেই বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সীমান্তের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল কার্যক্রম আগের তুলনায় কয়েকগুণ জোরদার করা হয়েছে। বিওপি এবং চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। বিজিবি সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য আধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতার জেরে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা সতর্ক রয়েছেন। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত পাহারায় কোনো ধরনের শিথিলতা রাখা হচ্ছে না। দেশের শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।
দেশের সামগ্রিক শৃঙ্খলা রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।