মাহবুব হাসান, চট্টগ্রাম: সরকার কর্তৃক ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ শতাংশ (১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা) নির্ধারণ করার পর এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের লজিস্টিকস খাতে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফ-ডকগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৮.৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)।
গতকাল ১৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে নতুন এই বর্ধিত হার কার্যকর করার নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে সংগঠনটি।
যেসব খাতে খরচ বাড়ছে
বিকডার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কন্টেইনার ডিপো পরিচালনার প্রতিটি ধাপে খরচ বেড়েছে। এরই প্রেক্ষিতে সর্বশেষ পর্যালোচিত দরের ওপর ৮.৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছে। বর্ধিত এই হার মূলত নিচের খাতগুলোতে প্রযোজ্য হবে:
- ১. চট্টগ্রাম বন্দর ও ডিপোর মধ্যে খালি কন্টেইনার পরিবহন বা হাউলেজ চার্জ।
- ২. পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) ও ডিপোর মধ্যে খালি কন্টেইনার পরিবহন খরচ।
- ৩. খালি কন্টেইনারের লিফট-অন ও লিফট-অফ চার্জ।
- ৪. রপ্তানি পণ্য স্টাফিং বা হ্যান্ডলিং প্যাকেজ চার্জ।
- ৫. রপ্তানি কন্টেইনারের ওজন যাচাই বা ভিজিএম (VGM) চার্জ।
- ৬. আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজ চার্জ।










