Home আন্তর্জাতিক ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত ৯

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত ৯

ছবি এ আই
আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার দুপুরে  ভারতের ছত্তিশগড়ের নবগঠিত শক্তি জেলায় একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিংঘিটারাই গ্রামে অবস্থিত বেদান্তা লিমিটেডের ওই বিদ্যুৎকেন্দ্রে বয়লার টিউব ফেটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ যখন বিদ্যুৎকেন্দ্রের কাজ পুরোদমে চলছিল, ঠিক তখনই বিকট শব্দে বয়লারের একটি টিউব ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। উত্তপ্ত বাষ্প ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন আরও অনেকে। ঘটনার সময় ওই ইউনিটে কতজন শ্রমিক কর্মরত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।
পুলিশ সুপার জানান, আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী রায়গড় জেলার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনো স্পষ্ট নয়। বয়লারের যান্ত্রিক ত্রুটি নাকি রক্ষণাবেক্ষণের অভাব ছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছে জেলা প্রশাসন। ঘটনার পর থেকে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানার ভেতরে প্রয়োজনীয় নিরাপত্তা বিধিনিষেধ সঠিকভাবে পালন করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

 নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন