Home খেলাধুলা নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ সুযোগ হাতছাড়া রোনাল্ডোর

নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ সুযোগ হাতছাড়া রোনাল্ডোর

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ক্রিস্তিয়ানো রোনাল্ডো মানেই গোলের নিশ্চয়তা, ফুটবল বিশ্বে এমনটাই চেনা ছবি। চোখের পলকে যিনি বল জালে জড়াতে পারেন, নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনিই যেন চেনা ছন্দের ধারেকাছে ছিলেন না। ফাঁকা পোস্ট পেয়েও বল লক্ষ্যভ্রষ্ট করলেন, নষ্ট করলেন একের পর এক নিশ্চিত সুযোগ। বিশ্বকাপের আগে দলের প্রধান তারকার এমন অফ-ফর্ম স্বাভাবিকভাবেই পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল।
জাতীয় দলের হয়ে ১৪৩টি গোলের মালিক রোনাল্ডো ক্লাব ফুটবলেও আল নাসেরের হয়ে সদ্য সমাপ্ত মরসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করে দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে সেই ধার দেখা গেল না। ম্যাচের শুরু থেকেই সতীর্থরা তাকে লক্ষ্য করে একের পর এক পাস বাড়িয়েছেন। অন্তত দুটি ক্ষেত্রে সামনে কেবল গোলরক্ষক ছাড়া আর কেউ ছিল না, অথচ সেই সহজ পরিস্থিতি থেকেও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এমনকি একটি নিশ্চিত হেড করার সুযোগ এলেও বলের নাগাল পাননি সিআরসেভেন। একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় মাঠে নিজের ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে মেজাজ হারাতে দেখা যায় তাকে। নিজের পারফরম্যান্সে যে তিনি নিজেই সন্তুষ্ট নন, তা তার শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ মার্তিনেজ।
৪১ বছর বয়সী রোনাল্ডোকে কেন্দ্র করেই মূলত এবারের রণকৌশল সাজিয়েছিলেন মার্তিনেজ। বয়সের কারণে আগের মতো গতিশীল দৌড়ঝাঁপ এখন আর তার খেলায় দেখা যায় না, তাই তার ওপর বাড়তি চাপ কমাতে তাকে মূল স্ট্রাইকারের ভূমিকায় খেলানো হচ্ছে। উইং থেকে সতীর্থরা বারবার বল বাড়িয়ে তাকে সুযোগ তৈরি করে দিলেও, কাজের কাজ কিছুই হয়নি। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে রোনাল্ডোর এই গোলখরা পর্তুগাল শিবিরের সার্বিক পরিকল্পনাকে বড়সড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
 businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন।