Home কলকাতা পশ্চিমবঙ্গ: শুভেন্দু অধিকারীই কি পরবর্তী মুখ্যমন্ত্রী?

পশ্চিমবঙ্গ: শুভেন্দু অধিকারীই কি পরবর্তী মুখ্যমন্ত্রী?

শুভেন্দু অধিকারী
চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেলেই
কৃষ্ণা বসু, কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। আজ শুক্রবার বিকেলে কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। বৈঠকে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ। দলীয় সূত্রে খবর, এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ৯ মে (২৫শে বৈশাখ) সকালেই রাজভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল ৭ মে এক নজিরবিহীন নাটকীয়তার পর রাজ্যপাল আর এন রবি বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন। এর আগে ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল, বিধানসভা ভেঙে দেওয়ার মাধ্যমে তার অবসান ঘটল। আজ সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেবলই বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম আলোচিত হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কৃতিত্ব এবং তৃণমূলের ঘর ভাঙার কৌশলী হিসেবে শুভেন্দু অধিকারীর পাল্লাই সবথেকে ভারী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
 ২০২৬ সালের এই নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। বিপরীতে তৃণমূল কংগ্রেস থমকে যায় মাত্র ৮০টি আসনে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল নেত্রী কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন এবং পদত্যাগ করতে অস্বীকৃতি জানান, যার ফলে রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হয় এবং বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়।
businesstoday24.com ফলো করুন এবং এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য নিচে শেয়ার করুন।