Home Second Lead বিপিএলে দুর্নীতির থাবা: ক্রিকেটারসহ ৫ জনের বিরুদ্ধে বিসিবির কঠোর ব্যবস্থা

বিপিএলে দুর্নীতির থাবা: ক্রিকেটারসহ ৫ জনের বিরুদ্ধে বিসিবির কঠোর ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরুর আগেই বড়সড় দুর্নীতির খবর সামনে এল। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ফ্র্যাঞ্চাইজি মালিক, ক্রিকেটার এবং টিম ম্যানেজারসহ মোট চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বিপিএলের একাধিক আসরে ফিক্সিং ও জুয়াড়ি চক্রের সাথে সংশ্লিষ্টতার দায়ে সামিনুর রহমান নামে একজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, যার বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার সরাসরি ম্যাচ বেটিংয়ে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে বোর্ড।
এছাড়া টিম ম্যানেজার মো. লবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধেও তথ্য গোপন এবং স্কোর নিয়ে জুয়ায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযুক্ত এই চার ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
অন্যদিকে, বড় শাস্তির মুখে পড়েছেন সামিনুর রহমান। বিপিএলের ৯ম থেকে ১১তম আসর পর্যন্ত নিয়মিতভাবে খেলোয়াড় ও এজেন্টদের ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়িদের সাথে যোগাযোগ রাখার দায়ে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সামিনুর নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় বিসিবি তাকে আজীবনের জন্য দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে। ক্রিকেটের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতেই বোর্ড এমন কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও এমন খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে শেয়ার করুন।