বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ব্যবহার করা কূটনৈতিক (লাল) পাসপোর্টটি হস্তান্তর করেছেন। ক্ষমতা হস্তান্তরের প্রায় এক সপ্তাহ আগেই তিনি এটি জমা দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। কেবল প্রধান উপদেষ্টা নন, অধিকাংশ উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার ব্যক্তিরাও ইতিমধ্যে তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন।
২০ জনেরও বেশি কর্মকর্তার পাসপোর্ট জমা
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রধান উপদেষ্টাসহ এখন পর্যন্ত প্রায় ২০ জন উপদেষ্টা ও বিশেষ দূত তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। এর মধ্যে অনেকেই নির্বাচনের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করেন। লুৎফে সিদ্দিকী (আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত) এবং ফয়েজ আহমদ তৈয়্যবও (বিশেষ সহকারী) তাদের পাসপোর্ট জমা দিয়েছেন। সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব হস্তান্তরের পরপরই পাসপোর্ট ছেড়ে দিয়েছিলেন।
যারা পাসপোর্ট হস্তান্তর করেছেন
প্রকাশিত তালিকায় ড. ইউনূস ছাড়াও রয়েছেন: ড. সালেহউদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আলী ইমাম মজুমদার, ড. আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরয়ার ফারুকী, শেখ বশিরউদ্দীন, এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার এবং নূরজাহান বেগম প্রমুখ।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অধিকাংশ উপদেষ্টা পাসপোর্ট জমা দিলেও কয়েকজন এখনো তা করেননি। তবে এটি নিয়ে কোনো আইনি জটিলতা নেই। নিয়ম অনুযায়ী, পদ ছাড়ার একটি নির্দিষ্ট সময় পর তাদের বাধ্যতামূলকভাবে এই বিশেষ পাসপোর্টটি ফেরত দিতে হবে।
businesstoday24.com-কে ফলো করুন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানান।