Home কলকাতা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: সিরাজ উদ্যান এখন ‘শিবাজি উদ্যান’

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: সিরাজ উদ্যান এখন ‘শিবাজি উদ্যান’

মসজিদ বাড়ি রোড বদলে হল নেতাজি পল্লি রোড। সংগৃহীত ছবি
কৃষ্ণা বসু, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের রেশ কাটতে না কাটতেই এবার নাম পরিবর্তনের হিড়িক শুরু হয়েছে। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরেই বারাসতের দুটি গুরুত্বপূর্ণ স্থানের নাম বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
 মুছে যাচ্ছে ইতিহাস?
বারাসতের চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশের একটি পার্কের নাম বদলে দেওয়া হয়েছে। ২০২২ সালে নির্মিত এই উদ্যানটি ‘সিরাজ উদ্যান’ নামে পরিচিত ছিল। লোকশ্রুতি অনুযায়ী, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার পথে এই স্থানের জলাশয়ে তাঁর হাতিদের জল খাওয়াতেন। মঙ্গলবার কিছু যুবক বিজেপির পতাকা হাতে নিয়ে সেই ঐতিহাসিক নামের নেমপ্লেট সরিয়ে ‘শিবাজি উদ্যান’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়।
মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন
শুধু পার্ক নয়, বারাসত শহরের মধ্য দিয়ে যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কের কাঠগোলা এলাকায় একটি রাস্তার নামও বদলে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পরিচিত ‘মসজিদ বাড়ি রোড’ লেখা বোর্ডটি রাতারাতি ঢেকে দিয়ে সেখানে ‘নেতাজি পল্লি রোড’ লেখা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কিছু মানুষকে দলীয় পতাকা হাতে নাম পরিবর্তনের কাজে লিপ্ত থাকতে দেখা গেছে।
দায় এড়াল বিজেপি নেতৃত্ব
যদিও এই সমস্ত কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকার করেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, দলের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। অতি উৎসাহী কিছু সমর্থক আবেগবশত এই কাজ করে থাকতে পারে। তবে প্রশাসনিকভাবে এই পরিবর্তনের কোনো বৈধতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।
 আরও  আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।