চট্টগ্রাম:তৈরি পোশাক শিল্পকে আরও সুশৃঙ্খল, শ্রমবান্ধব এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিজিএমইএ এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে । বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) চট্টগ্রাম বিজিএমইএ ভবনে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৬’-এর হালনাগাদ সংশোধনী বিষয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।
এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলোকে হালনাগাদ শ্রম আইন সম্পর্কে দক্ষ করে তোলা এবং এর সঠিক বাস্তবায়নে সহায়তা করা । সংশোধিত এই আইনটি ২০২৬ সালে দেশের শিল্পখাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী । তিনি কারখানাগুলোতে আইন প্রয়োগের পাশাপাশি অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার লাইসেন্স নবায়নের জন্য মানবসম্পদ ও কমপ্লায়েন্স কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানান ।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের সদস্য ও আইএলও এন্ড লেবার অ্যাফেয়ার্সের চিফ কো-অর্ডিনেটর এ এন এম সাইফ উদ্দিন বলেন, বর্তমান সংশোধনীর মূল উদ্দেশ্য হলো মালিক ও শ্রমিকের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করা । তিনি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনের যথাযথ ও সতর্ক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন ।
এই কর্মশালায় ৯৩টি পোশাক কারখানার মোট ১০২ জন মানবসম্পদ ব্যবস্থাপক এবং কমপ্লায়েন্স কর্মকর্তা অংশ নেন । প্রশিক্ষণে মূলত শ্রমিকের কল্যাণ, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলামূলক পদক্ষেপ এবং আইন বাস্তবায়নের ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । পুরো প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন বিজিএমইএ’র অতিরিক্ত সচিব (শ্রম) মোঃ রফিকুল ইসলাম ।
এছাড়াও অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে শ্রম পরিদর্শক রেজাউল রেশমা এবং জান্নাতুর রাহেলা উপস্থিত ছিলেন ।–সংবাদ বিজ্ঞপ্তি
নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।