Home Third Lead ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেপ্তার

মুনিরা মাহজাবিন মিমো
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধারের ঘটনায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। মিমোর বাবার দায়ের করা ‘আত্মহত্যার প্ররোচনা’ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুদীপ চক্রবর্তী
গত রাতে বাড্ডার একটি বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু বিষয়ের উল্লেখ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চিরকুটে মিমো লিখেছেন, “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে… স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দিও।”
তদন্ত ও গ্রেপ্তার
বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, মিমোর মৃত্যুর আগে রাত ১টার দিকে ড. সুদীপ চক্রবর্তীর সঙ্গে তার প্রায় ৬ মিনিট দীর্ঘ ফোনালাপ হয়েছিল। তবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সুদীপ চক্রবর্তীর ফোনে ওই কল হিস্ট্রি পাওয়া যায়নি। পুলিশের অভিযোগ, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে শিক্ষক তার ফোন থেকে কল রেকর্ডগুলো মুছে ফেলেছেন। এই বিষয়টি পুলিশের সন্দেহ আরও ঘনীভূত করেছে।
সহপাঠীদের প্রতিক্রিয়া
মিমোর সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা এই ঘটনায় তীব্র শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক জানিয়েছেন, মিমো একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ মিমোর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সুইসাইড নোটে উল্লিখিত অন্যান্য বিষয় এবং সুদীপ চক্রবর্তীর সাথে মিমোর সম্পর্কের প্রকৃত ধরণ খতিয়ে দেখা হচ্ছে।
ভিজিট করুন www.businesstoday24.com