বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মিন্টো রোড থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান পরিচয় দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাঁকে আটক করার পর রবিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় রমনা থানা পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন।
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, এনায়েতকে দীর্ঘদিন ধরে অন্য একটি গোয়েন্দা সংস্থা নজরদারিতে রেখেছিল। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হয় এবং পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে এনায়েত করিম মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মার্কিন পাসপোর্ট জব্দ করা হয়েছে, তবে কোনো বাংলাদেশি এনআইডি বা পাসপোর্ট পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত দাবি করেছেন, তিনি বিশেষ এক দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার গঠনে সহায়তা করতেই বাংলাদেশে এসেছেন। এ উদ্দেশ্যে তিনি উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বলেও দাবি করেন।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে ঢাকায় আসেন এনায়েত। প্রথমে সোনারগাঁও হোটেলে এবং পরে গুলশানে অবস্থান করেন তিনি। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এনায়েত করিম, এবং ২০০৪ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
এর আগে ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বিভিন্ন সময়ে সরকারবিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে ক্ষমতার পালাবদলের স্বপ্ন দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গোয়েন্দা সূত্র বলছে, ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন এনায়েত করিম। সর্বশেষ এক শিল্প গ্রুপের কর্ণধারকে মামলা থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে তিনি ফাঁদ পেতেছিলেন।










